পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে তার সুচিকিৎসা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোলা চিঠি দিয়েছেন বিশ্ব ক্রিকেটের ১৪ জন কিংবদন্তি অধিনায়ক।
কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নানা মহলে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এবার সরব হলেন বিশ্ব ক্রিকেটের একঝাঁক তারকা। এর আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে আসছিলেন। এবার সেই দাবিতে শামিল হয়েছেন ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাবেক অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা চিঠিতে তারা ইমরান খানকে ‘ন্যূনতম মানবিক মর্যাদা ও সুচিকিৎসা’ প্রদানের জোর অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারী অধিনায়করা খেলার প্রতি ইমরান খানের অসামান্য অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তারা লিখেছেন, ‘খেলার প্রতি তার অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। অধিনায়ক হিসেবে তিনি ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। সেই জয় ছিল দক্ষতা, নেতৃত্ব, ধৈর্য ও ক্রীড়াসুলভ মানসিকতার এক অনন্য উদাহরণ, যা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।’
ইমরান খানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে চিঠিতে। বিশেষ করে, আটক অবস্থায় তার দৃষ্টিশক্তির আশঙ্কাজনক অবনতি এবং গত আড়াই বছরে তার বন্দিজীবনের সার্বিক অবস্থা তাদের গভীরভাবে চিন্তিত করেছে বলে উল্লেখ করা হয়েছে।
ক্রিকেটের বাইরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভূমিকাও স্মরণ করিয়ে দিয়েছেন এই কিংবদন্তিরা। তারা লেখেন, ‘ক্রিকেটের বাইরে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক মতভেদ যা-ই থাকুক, তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ পদে বসেছিলেন, এটা সম্মানের বিষয়।’ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর একাধিক মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে কারাবন্দি রয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
এই চিঠিতে স্বাক্ষরকারী ১৪ জন কিংবদন্তি অধিনায়ক হলেন: মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, স্টিভ ওয়াহ এবং জন রাইট।
রিপোর্টারের নাম 























