প্রায় দুই মাস আগে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার পর অবশেষে মাঠে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ভেলো ক্লুবের বিপক্ষে সান্তোসের ৬-০ গোলের জয় পাওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। এই ম্যাচটি দিয়ে কাম্পেওনাতো পাউলিস্তার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সান্তোস। যদিও এই ম্যাচে নেইমার কোনো গোল করতে পারেননি, তবে তার উপস্থিতি এবং মাঠের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন সান্তোসের কোচ জোয়ান পাবলো।
ম্যাচে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেননি নেইমার। তবুও দলের প্রাণভোমরার পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ পাবলো বলেন, “আমার মনে হয় সবারই নেইমারকে প্রয়োজন। সান্তোস এবং জাতীয় দল উভয়ের জন্যই সে ভালো খেললে তা সবার জন্য ইতিবাচক।”
বর্ণিল ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েও ৩৩ বছর বয়সী এই তারকাকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবেই দেখছেন কোচ পাবলো। তিনি আরও বলেন, “সে এখনো বিশ্বমানের খেলোয়াড়। তার মধ্যে জেতার আকাঙ্ক্ষা প্রবল। প্রতিটি ম্যাচ এবং অনুশীলনে আমি এটা দেখতে পাই। সে সবসময় সেরাটা দিতে চায় এবং জিততে চায়। এই মানসিকতাই তাকে অনুপ্রাণিত করে।”
সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি নেইমারকে বারবার ভোগাচ্ছে। চোটের কারণে ইউরোপীয় এবং সৌদি আরবের ফুটবল পর্ব শেষে তিনি ফিরে এসেছেন নিজ দেশ ব্রাজিলে। বর্তমানে তিনি তার বাল্যকালের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। আশা করা হচ্ছে, তার এই প্রত্যাবর্তন আসন্ন বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনাকে আরও জোরদার করবে।
রিপোর্টারের নাম 























