ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মন্ত্রিসভায় ২৪ জন সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে নবগঠিত সরকারের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন সম্পন্ন হলো।
শপথগ্রহণকারী প্রতিমন্ত্রীদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। শরীফুল আলমকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। সুলতান সালাহউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। মো. আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে অর্থ, পরিকল্পনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ইশরাক হোসেন। ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। শেখ ফরিদুল ইসলামকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন এম ইকবাল হোসেন। এম এ মুহিতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আহমেদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া আলী নেওয়াজ খৈয়ামকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
অন্যদিকে, হাবিবুর রশিদ হাবিব এবং রাজিব আহসানকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে, তাদের সুনির্দিষ্ট দফতর বণ্টন এখনো চূড়ান্ত হয়নি।
রিপোর্টারের নাম 






















