যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা স্থগিত হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমে গেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের আশা তৈরি হয়েছে, যা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পথ প্রশস্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি প্রায় ৫ দশমিক ৯ শতাংশ কমে ৯১ দশমিক ০৮ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫১ ডলারে অবস্থান করছে। গত তিন সপ্তাহ ধরে দাম বাড়ার পর উভয় বাজারেই এখন সর্বনিম্ন পর্যায়ে লেনদেন হচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, দামের এই পতন মূলত সংঘাত থামার আশার ফল। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের অস্থিরতা কাটবে না। শিপিং ডেটা অনুযায়ী, বর্তমানে ওই রুট দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে।
রিপোর্টারের নাম 
























