মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় হাবিব মোল্লা (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাচ্চর গোলচত্বর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব মোল্লা শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দী গ্রামের মেছের মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পাচ্চর গোলচত্বর এলাকায় এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন হাবিব মোল্লা। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী ‘দোলা পরিবহন’ এর একটি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মাঝখানে পড়ে যান তিনি। মুহূর্তেই দ্রুতগতির বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং যান চলাচল স্বাভাবিক করি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
রিপোর্টারের নাম 























