রাজধানীর শান্তিনগর এলাকায় এক ফার্মাসিউটিক্যালস কোম্পানির এরিয়া ম্যানেজারকে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন। এই ঘটনায় ছিনতাই হওয়া নগদ ৭৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে। ভুক্তভোগী, তৌহিদ আলমগীর (৪৪), শান্তিনগর এলাকা থেকে রিকশায় করে নিজ বাসস্থান পূর্ব গোড়ানের দিকে যাচ্ছিলেন। সিআইডির ঢাকা মেট্রো (ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবন) অফিসের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তৌহিদ আলমগীরের কাছ থেকে নগদ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
ভুক্তভোগীর ডাক-চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলের পাশেই অবস্থানরত সিআইডি ঢাকা মেট্রো-উত্তর বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. মনির হোসেন একাই ছিনতাইকারীদের ধাওয়া করেন। অসাধারণ সাহসিকতা ও তাৎপর্যপূর্ণ তৎপরতার মাধ্যমে তিনি এক ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো চাকুসহ অপর দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত ছিনতাইকারীর নাম মো. সাইদুজ্জামান সোহেল (৫২)। তার স্থায়ী বাড়ি কুমিল্লার হোমনা থানার ঘনিয়ারচর এলাকায়, তবে বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূইঘর এলাকায় বসবাস করেন। তার হেফাজত থেকে ছিনতাই হওয়া সম্পূর্ণ ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত আসামি একজন পেশাদার ছিনতাইকারী এবং আন্তঃজেলা ডাকাতদল ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। সে ও তার সহযোগীরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ছিনতাই, ডাকাতি ও অজ্ঞান পার্টির মাধ্যমে পথচারীদের সর্বস্ব লুটের ঘটনার সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, আটককৃত সাইদুজ্জামানের বিরুদ্ধে ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ, মতিঝিল, পল্টন, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। অতীতেও বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় সে একাধিকবার গ্রেপ্তার হয়েছে।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন।
রিপোর্টারের নাম 



















