রাজধানীর নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধার অভিযোগ উঠেছে। প্রিসাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সময়ক্ষেপণ এবং নানা অজুহাতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন একাধিক সাংবাদিক।
সংশ্লিষ্ট একটি কেন্দ্রের শুরুতে আমার দেশ পত্রিকার একজন সিনিয়র রিপোর্টার প্রবেশ করতে গেলে তাকে পুলিশ ও আনসার সদস্যরা পরিচয়পত্র যাচাই করার নামে দীর্ঘ সময় আটকে রাখেন। কেন সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা প্রিসাইডিং অফিসারের নির্দেশনা রয়েছে বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার খালিদ এক পর্যায়ে বলেন, “আপনি আমার কক্ষে উপস্থিত আছেন, তাহলে বাধা কোথায় দেওয়া হয়েছে?” সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতেই বাধা দেওয়া হয়েছে জানালে তিনি বলেন, “আপনাকে ক্যামেরায় দেখা যাচ্ছে।”
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদকে এ বিষয়ে জানানো হলে তিনি জানান, তিনি নিজেও ভোট দিয়ে এসেছেন এবং কোথাও কোনো সমস্যা দেখেননি। কেন্দ্রের নাম জানতে চেয়ে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।
নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। একটিতে ২ হাজার ৭৭০ জন এবং অন্যটিতে ২ হাজার ৮১০ জন ভোটারের তালিকা রয়েছে। প্রথম আড়াই ঘণ্টায় কেন্দ্র দুটিতে যথাক্রমে ২০০ ও ২৫০টি ভোট পড়েছে, যা আনুমানিক ৮ শতাংশ। দুটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৫৫৯০ জন।
ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন গোবিন্দ চন্দ্র (৭৭)। তিনি জানান, বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে না আসলেও এবার ভোটের পরিবেশ ভালো বলে মনে হচ্ছে। তবে, কেন্দ্র দুটিতে ভোটের লম্বা লাইন পরিলক্ষিত হয়নি। অনেক ভোটার ফজরের নামাজ আদায় করেই ভোট দিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
প্রবেশে বাধার পাশাপাশি, ভোটকক্ষের বাইরে মোবাইল ফোনে লাইভ করতেও সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার প্রথমে নিষেধের কথা জানালেও পরে তা অস্বীকার করেন। যদিও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটকক্ষের ভেতরে ছবি ধারণ এবং বাইরে লাইভ সম্প্রচার করার অনুমতি রয়েছে। এই ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করার বিষয়টি স্পষ্ট করে।
উল্লেখ্য, নাখালপাড়া সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। এই কেন্দ্রে আজ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।
রিপোর্টারের নাম 
























