একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো গত রাত থেকে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার জন্ম দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এসব ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং জনগণ ও সচেতন গণমাধ্যম তা প্রতিহত করেছে।
মাহদী আমিন অবিলম্বে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত পরিবেশ নির্বিঘ্ন রাখার এবং সুষ্ঠু পরিবেশের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপির অবশ্যম্ভাবী বিজয়কে আঁচ করতে পেরেই প্রতিপক্ষের এই অপপ্রয়াস, তবে তা সফল হবে না। এর প্রমাণ হিসেবে আজ দেশজুড়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটদানে অংশগ্রহণকে তিনি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ দীর্ঘদিন পর ফিরে পাওয়া ভোটাধিকার পুনরুদ্ধারের এই সুবর্ণ সুযোগের সর্বোত্তম ব্যবহার করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। ভোটদানকালে তিনি ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করে ব্যালট পেপার বাক্সে রাখেন। তারেক রহমান আশা প্রকাশ করেছেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।
গত রাতে দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে মাহদী আমিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, যা তার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে। তিনি তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষপর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। জনগণ সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আরও বলেন, ভোট জনগণের নাগরিক অধিকার। আজ সকাল থেকে ভোটকেন্দ্রে দৃশ্যমান যে জনসমাগম দেখা গেছে, দিনশেষে তা পূর্ণাঙ্গতা পাবে বলে আশা করা হচ্ছে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জনগণের মূল্যবান ভোটই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এবং নবীন, প্রবীণ, নারী, পুরুষ সকলের আকাঙ্ক্ষাকে সুনিশ্চিত করবে। সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























