বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের চলমান নির্বাচনকে কেন্দ্র করে জাল ভোট প্রদান, ভোটকেন্দ্র দখল, পোলিং এজেন্টদের ওপর হামলা এবং নারী হেনস্তাসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ভোটগ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের প্রতি পাহারাদারের ভূমিকা পালনের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন যে, জনগণ গতকাল থেকেই সকল গুজবকে পরাজিত করে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছে এবং আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।
তবে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা চলছে। একাধিক জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে এবং নারীদের হেনস্তা করা হচ্ছে। এছাড়া, বেশ কিছু কেন্দ্রে দখলের অপচেষ্টাও চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এই পরিস্থিতিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টা যেভাবে প্রতিরোধ করা হয়েছে, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মূল্যবান ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য জনগণের প্রতি ভোটকেন্দ্রের পাহারাদার হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতিও তিনি জরুরি বার্তা দেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রশাসন এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আন্তরিকভাবে চেষ্টা করেছে। তবে জনগণের প্রত্যাশা হলো, আরও দ্রুত ও তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা হোক। তিনি অভিযোগ করেন যে, কিছু ব্যক্তি কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র কঠোর হাতে দমন করে জনগণের ভোটের আমানত রক্ষা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াত আমির।
রিপোর্টারের নাম 

























