গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা অব্যাহত রয়েছে। ইসরাইল ও হামাস উভয়ই একে অপরকে নিয়মিতভাবে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯ বছর বয়সী শিশু সালেহ বদউই রয়েছে। গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেইতুন এলাকায় ইসরাইলি গুলিতে আহত হওয়ার পর তাকে আল-মা’মাদানি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় একটি স্কুলের কাছে ড্রোন হামলায় দুই ভাই নিহত হয়। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের কাছে ৩৮ বছর বয়সী মোহসিন ওদা আল-দাব্বারি ইসরাইলি গুলিতে নিহত হন।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার বেইত লাহিয়ায় তারা দুইজন ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে, যারা ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে সেনাদের দিকে অগ্রসর হচ্ছিল এবং হুমকি সৃষ্টি করছিল। তবে, গাজার দক্ষিণাঞ্চলে নিহত শিশু ও অপর একজনের মৃত্যুর বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী তথ্য যাচাই করছে বলে জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল সীমান্ত অতিক্রম করে হামলার পর শুরু হওয়া যুদ্ধের দুই বছরের বেশি সময় পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে অন্তত ৭৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, একই সময়ে তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন। তবে, গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং সীমিত প্রবেশাধিকারের কারণে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রিপোর্টারের নাম 























