জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার একটি ভোটকেন্দ্রে গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফলের শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রশাসন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়ার নজরে আসে এই অনিয়ম। তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কাছে বিষয়টি জানান। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা মেলে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। অভিযুক্ত প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ রাজৈর উপজেলার স্বরমঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
ঘটনাটি জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে অবহিত করা হলে তিনি দ্রুত রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল হককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনার পর ইউএনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অগ্রিম স্বাক্ষর করা রেজাল্ট শিটগুলো জব্দ করেন। একইসাথে, কেন্দ্রে নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয় যাতে ভোট গণনা ও ফলাফল প্রকাশে কোনো জটিলতা না হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল হক জানান, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। স্বাক্ষর করা সিটগুলো জব্দ করে নতুন সিট দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ নিজের ভুল স্বীকার করে বলেন, “কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। এটা আমার ভুল হয়ে গেছে।”
এদিকে, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ওই ভোটকেন্দ্রে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























