চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোট দেওয়ার অভিযোগে বাবা ও ছেলেসহ তিনজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের দুটি কেন্দ্রে পৃথক অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা গেছে, চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় বড়তুলা গ্রামের সাইফুল ইসলাম এবং তার ছেলে মো. সাফায়েত হোসেনকে হাতেনাতে আটক করেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাফায়েত হোসেনকে এক মাস এবং তার বাবা সাইফুল ইসলামকে পনের দিনের কারাদণ্ড প্রদান করেন।
একই দিনে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় খেড়িহর গ্রামের মো. সজিবকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা তাকে এক মাসের কারাদণ্ড দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজিয়া হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার দায়ে তিনজনকে ভিন্ন ভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
রিপোর্টারের নাম 

























