ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বরিশালের মুলাদী উপজেলায় ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। অভিযোগ রয়েছে, তিনি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, এর আগেও নুরু মৃধার বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। গত ২ ফেব্রুয়ারি তিনি তাঁর সমর্থকদের নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে প্রচারণার গাড়িবহরে বাধা দেন। প্রায় ৩০ মিনিট ধরে তিন থেকে চারটি গাড়ি সড়কে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা হুমকির মুখে অসহায় অবস্থায় পড়েন। এ ঘটনায় প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়া ও সঙ্গে থাকা নেতাকর্মীরা উদ্বেগ ও আতঙ্কে ছিলেন। পরবর্তীতে এই ঘটনায় মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নুরু মৃধার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 

























