চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ফলাফলের তালিকায় অগ্রিম সই নেওয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই আসনের (আংশিক) উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নিলে দুপুর দেড়টার দিকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম জানান, ভোট শেষে ফলাফলের তালিকা তৈরিতে ঝামেলায় পড়তে হয়। এ কারণে আগেভাগে ফলাফলের তালিকায় সই নিয়েছেন।
ওই আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা অপরাধ করেছেন। এ কারণে ভোটকেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিয়েছেন। এ কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে প্রত্যাহার করা হয়েছে। সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
রিপোর্টারের নাম 

























