ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের আলোচিত কড়াইল বস্তিবাসীর দুইটি ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেখানকার ৪৫ হাজার ভোটারের জন্য কেন্দ্র রয়েছে ২টি। এর মধ্যে নারীদের জন্য বনানী মডেল স্কুল এবং আরেকটি পুরুষকেন্দ্র বনানী টিঅ্যান্ডটি বালক উচ্চ বিদ্যালয়ে। প্রতিটি কেন্দ্রে ৪টি করে আলাদা বুথ রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এসব কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রতিটি বুথেই উপচে পড়া ভিড়।
ভোটারদের নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। ভোটারদের দীর্ঘ লাইন চতুর্থ তলা থেকে মাঠজুড়ে বিস্তৃত হয়েছে।
অনেকে অভিযোগ করছেন, ভোটগ্রহণের গতি খুবই ধীর। অবশ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে স্বাভাবিক গতিতেই চলছে ভোট।
বনানী মডেল স্কুলের একটি নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ২৪৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭৯৫ জনের। সেখানে রয়েছে আরও ৪টি কেন্দ্র।
পাশেই পুরুষ ভোটারদের কেন্দ্র বনানী টিঅ্যান্ডটি বয়েজ উচ্চ বিদ্যালয়ে রয়েছে ৪টি কেন্দ্র। সেখানেও প্রচুর ভোটারের উপস্থিতি। তবে ভোট নেওয়ার গতি একেবারেই মন্থর।
সেখানের একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান অ্যানি বলেন, তার কেন্দ্রে ৩ হাজার ৪১৫ ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ১১শ’র কিছু বেশি ভোট পড়েছে।
পুরুষ ভোটাদের লাইন টিঅ্যান্ডটি বালক উচ্চ বিদ্যালয়ের ৫৮ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহিদুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩০০০ হাজার ভোটারের মধ্যে ভোট পড়েছে সাড়ে ১১শ’।
তবে অন্য কেন্দ্রগুলোর বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
টিঅ্যান্ডটি বয়েজ উচ্চ বিদ্যালয়ের ভোটার ও কড়াইল বস্তির আদর্শ নগরের বাসিন্দা মহববত আলী জানান, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছেন না। তিনি বলেন, ‘‘কোনও ধরনের ঝামেলা না হলেও কী কারণে ভোট বিলম্ব হচ্ছে তা বুঝতে পারছি না।’’
বনানী মডেল স্কুলের নারী ভোটার ও কড়াইল বস্তির বেলতলা এলাকার বাসিন্দা মনিকা রাণী বলেন, তিনি ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছেন না। তবে কী কারণে বিলম্ব হচ্ছে তা জানা নেই তার।
অবশ্য সেখানের দায়িত্বরত একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘‘ভোটারের চাপ বেশি থাকায়, তাদের কিছুটা বেগ পোহাতে হচ্ছে।’’
রিপোর্টারের নাম 























