আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের পূর্বাভাসেও সেই চিত্রই ফুটে উঠেছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন, বিএনপির এই অনিবার্য বিজয় বাধাগ্রস্ত করতে একটি বিশেষ গোষ্ঠী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের আটকের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, আজ বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ওই জামায়াত নেতাকে আটক করা হয়েছে।
নির্বাচনকালীন সময়ে অবৈধ আর্থিক লেনদেন বন্ধে ব্যাংক ও ব্যবসায়িক কার্যক্রম যেখানে সীমিত থাকে, সেখানে জামায়াত নেতার কাছে এত টাকা পাওয়ার উৎস নিয়ে প্রশ্ন তোলেন মাহদী আমিন। তিনি বলেন, “নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে জামায়াতের একজন শীর্ষ নেতার কাছে অর্ধকোটিরও বেশি টাকা পাওয়ার ঘটনা স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। যারা ইনসাফ ও দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলেন, তাদের এই কর্মকাণ্ড কি সেই আদর্শের সাথে সংগতিপূর্ণ?”
মুখপাত্র আরও দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢাকা-১৫ (যেখানে জামায়াত আমির প্রার্থী), কুমিল্লা, নোয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে একই ধরনের তৎপরতা চলছে। তিনি অভিযোগ করেন, জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং এলাকায় ভীতি ছড়াতে লাঠি ও পাইপসহ দেশীয় অস্ত্র মজুত করছে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন একটি স্পর্শকাতর বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে বোরখা ও নেকাব তৈরির খবর পাওয়া যাচ্ছে। তিনি স্পষ্ট করেন যে, বিএনপি ধর্মীয় ও ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং নারীদের পর্দার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। তবে পবিত্র এই পোশাককে ঢাল হিসেবে ব্যবহার করে যদি কেউ পরিচয় গোপন করে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, তবে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও জালিয়াতি রুখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
রিপোর্টারের নাম 
























