বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল। বুধবার রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, চার সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করে।
সূত্রমতে, নির্বাচন পর্যবেক্ষণকারী এই প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে চীনের বিদ্যমান কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে সফর করছেন।
বৈঠককালে চীনা প্রতিনিধিদল আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। তারা আশা প্রকাশ করেন যে, এই নির্বাচন ভবিষ্যতে উভয় দেশের মধ্যে উন্নয়ন, অগ্রগতি এবং পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করতে সহায়ক হবে।
আমিরের সঙ্গে এই বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
—
রিপোর্টারের নাম 

























