রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বাসের টিকিট নিয়ে চলা কারসাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এক সাংবাদিক ও তার বোনকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারের সামনে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।
আক্রান্ত সাংবাদিক মাসুম রহমান অনলাইন নিউজ পোর্টাল ‘অর্থসূচক’-এ কর্মরত। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বোনকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে মহাখালী বাসস্ট্যান্ডে যান মাসুম রহমান। তারা টিকিট কাটার জন্য নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু কাউন্টার থেকে লাইনের শৃঙ্খলা ভঙ্গ করে বাইরের লোকজনের কাছে টিকিট বিক্রি করা হচ্ছিল এবং যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করা হচ্ছিল।
সাংবাদিক মাসুম রহমান এই অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে ইউনাইটেড বাসের সুপারভাইজার ও স্টাফরা তার ওপর চড়াও হন। বাগবিতণ্ডার একপর্যায়ে বাস শ্রমিকরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এসময় ভাইকে বাঁচাতে তার বোন এগিয়ে এলে হামলাকারীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। মাসুম রহমানের অভিযোগ, হামলার সময় তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়েছে বাসের স্টাফরা।
ভুক্তভোগী সাংবাদিক আরও জানান, তাৎক্ষণিকভাবে বিষয়টি সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। এই বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বাস কাউন্টারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কেউ ফোন রিসিভ করেননি। রাজধানীর অন্যতম ব্যস্ত এই বাস টার্মিনালে সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও পরিবহন শ্রমিকদের দৌরাত্ম্য নিয়ে আবারও প্রশ্ন উঠেছে এই ঘটনার মধ্য দিয়ে।
রিপোর্টারের নাম 




















