হবিগঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সকল পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে এই ধরনের অসহিষ্ণু রাজনৈতিক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তারা জোর দিয়ে বলেন, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে না এবং কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না।
নেতৃবৃন্দ অসৌজন্যমূলক ও উস্কানিমূলক আচরণ পরিহার করার পাশাপাশি সহিংস প্রতিক্রিয়ার পথ এড়িয়ে চলার আহ্বান জানান। তারা বলেন, বিশেষত ক্ষমতাসীনদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। কারো উস্কানিতে সুযোগসন্ধানী গোষ্ঠী যেন দেশকে অস্থিতিশীল করার সুযোগ না পায়, তা নিশ্চিত করার দায়িত্ব ক্ষমতাসীনদেরই।
পাশাপাশি, জমিয়ত নেতৃবৃন্দ প্রশাসনকে রাজনৈতিক সহিংসতা রোধে আরও সতর্ক ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। কোনো ক্ষেত্রে উত্তেজনা বা বিশৃঙ্খলার পূর্বাভাস থাকলে সেখানে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, অন্যথায় যেকোনো সংঘাত ও বিশৃঙ্খলার দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন তারা।
রিপোর্টারের নাম 



















