জুলাই বিপ্লবে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সিদ্ধান্ত জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শম্পা নিজেই বিষয়টি প্রকাশ করেন।
আলাপকালে রাবেয়া ইসলাম শম্পা জানান, তাদের সন্তান ফিরনাসের দেখাশোনার বিষয়ে প্রধান উপদেষ্টা পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মূলত সে সংক্রান্ত নথিপত্র হস্তান্তরের জন্যই তাদের যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সাক্ষাৎকারের এক পর্যায়ে ড. মুহাম্মদ ইউনূস তাকে কর্মসংস্থানের প্রস্তাব দিলে শম্পা বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। তিনি প্রধান উপদেষ্টাকে জানান, তিনি নিজের যোগ্যতাবলে কর্মসংস্থান খুঁজে নিতে চান।
বৈঠকে শম্পা তার স্বামী শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তিনি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেন, হাদি হত্যার সঠিক বিচার না হলে তার সন্তান কোনো কিছুই গ্রহণ করবে না। জবাবে ড. মুহাম্মদ ইউনূস তাকে আশ্বস্ত করে জানান, এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
ফেসবুক পোস্টে শম্পা আরও উল্লেখ করেন, বর্তমানে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসরদের হাতে তার পরিচিতজনদের হেনস্তা হওয়ার ঘটনায় তিনি মর্মাহত। প্রধান উপদেষ্টা এ বিষয়েও দুঃখ প্রকাশ করেছেন এবং বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। স্বামীর খুনের ন্যায়বিচার পাওয়ার দৃঢ় প্রত্যাশা নিয়েই তিনি যমুনা থেকে ফিরেছেন বলে জানান।
রিপোর্টারের নাম 





















