আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধ থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি অফিস। এই দীর্ঘ ছুটিতে অনেকেরই হঠাৎ করে চিকিৎসা, ভ্রমণ, কেনাকাটা বা অন্য কোনো জরুরি প্রয়োজনে নগদ টাকার প্রয়োজন হতে পারে। বিশেষ করে মোবাইল ব্যাংকিং লেনদেনে আরোপিত সীমাবদ্ধতার কারণে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। তবে কিছু স্মার্ট কৌশল অবলম্বন করলে এই আর্থিক সংকট সহজেই মোকাবিলা করা সম্ভব।
ছুটির দিনে সাধারণত মোবাইল ব্যাংকিং সেবা আমাদের ভরসার জায়গা হলেও, এবারের নির্বাচনী ছুটিতে লেনদেনে কিছু সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। গত রবিবার রাত ১২টা থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত একসঙ্গে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না এবং দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। এর ফলে টাকা উত্তোলন বা বড় অঙ্কের অর্থ স্থানান্তরে কিছুটা অসুবিধা হতে পারে। তবে আশার কথা হলো, দোকান, সুপারশপ বা অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটার জন্য ডিজিটাল পেমেন্ট সেবা চালু থাকছে। তাই নগদ টাকা না থাকলেও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আপনার কেনাকাটা চালিয়ে যেতে পারবেন।
নগদ টাকার আরেকটি বড় উৎস হলো এটিএম বুথ, যা ছুটির দিনেও ২৪ ঘণ্টা চালু থাকে। তবে লম্বা ছুটিতে অনেক সময় বুথে টাকা ফুরিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়। তাই আগে থেকেই আপনার আশপাশের একাধিক এটিএম বুথের অবস্থান জেনে রাখা বুদ্ধিমানের কাজ। একটি বুথে টাকা না পেলে অন্যটিতে গিয়ে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। সবচেয়ে ভালো হয়, ছুটির আগেই প্রয়োজনীয় অতিরিক্ত নগদ টাকা তুলে রাখা।
জরুরি পরিস্থিতিতে ক্রেডিট কার্ড একটি কার্যকর বিকল্প হতে পারে। বিশেষ করে চিকিৎসা ব্যয়, আকস্মিক ভ্রমণ বা বড় অঙ্কের কেনাকাটার ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে। তবে কার্ড ব্যবহারের আগে বিল পরিশোধের সময়সীমা ও সুদের হার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো বিল পরিশোধ না করলে সুদের চাপ বেড়ে আর্থিক বোঝা তৈরি হতে পারে।
নগদ টাকার ঝামেলা এড়াতে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট কিংবা মোবাইল ফোনের বিলসহ দৈনন্দিন প্রয়োজনীয় অন্যান্য বিল এখন সহজেই অনলাইনে পরিশোধ করা যায়। এতে ছুটির দিনেও আপনার প্রয়োজনীয় সেবাগুলো সচল রাখা সম্ভব। যেকোনো দীর্ঘ ছুটি বা অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলায় হঠাৎ টাকার প্রয়োজনের কথা ভেবে আগে থেকেই একটি জরুরি তহবিল গড়ে তোলার পরিকল্পনা থাকা উচিত। তবে আর্থিক নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা জরুরি।
জরুরি সব প্রয়োজনে টাকার দরকার হতেই পারে, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটির দিনে অতিরিক্ত খরচের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বছরের শুরুতেই একটি সুনির্দিষ্ট বাজেট তৈরি করে নিলে উৎসব বা দীর্ঘ ছুটির সময়ে পারিবারিক খরচ বেড়ে যাওয়ার প্রবণতা কমানো সম্ভব। এতে ছুটির দিনগুলো মানসিক চাপের পরিবর্তে আনন্দময় হয়ে উঠবে।
রিপোর্টারের নাম 























