আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বিভিন্ন উদাহরণ টেনে বলেন, বারাক ওবামা “Yes We Can” স্লোগান নিয়ে জয়ী হওয়ার আগে সংবাদমাধ্যমগুলো একজন কৃষ্ণাঙ্গ মানুষের পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া অসম্ভব বলে মন্তব্য করেছিল। তিনি শ্রীলঙ্কা ও নেপালের দুর্নীতিবিরোধী আন্দোলনগুলোর কথাও উল্লেখ করেন, যা সমস্ত প্রতিকূলতাকে জয় করে বড় দলগুলোকে পরাজিত করেছে। একই প্রসঙ্গে তিনি নিউ ইয়র্কে জোহরান মামদানির সাধারণ ভোটারদের সমর্থনে জয় ছিনিয়ে আনার বিষয়টিও তুলে ধরেন।
জামায়াত আমির আরও বলেন, “মাত্র এক বছর আগেও আমার দলকে নগণ্য মনে করে গণনার বাইরে রাখা হয়েছিল; বলা হয়েছিল যে আমরা মাত্র হাতেগোনা কয়েকটি আসন পাবো। আজ সেই জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এটিই এখন জনগণের ট্রেন্ড। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখন কোনো কিছুই তাদের থামাতে পারে না।”
তিনি জোর দিয়ে বলেন, তার দল কখনো ভয়ভীতি দেখানোর রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, তাদের কোনো ভুয়া ভোটার নেই এবং নির্বাচন কারচুপি করারও তাদের কোনো প্রয়োজন নেই। তবে তিনি সতর্ক করে বলেন, যদি কেউ জনগণের ভোট চুরি করার চেষ্টা করে বা জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, “তবে আমরা জনগণকে সাথে নিয়ে সেই অধিকার রক্ষা করবো, ইনশাআল্লাহ; ঠিক যেভাবে আমরা ২৪-এর জুলাইয়ে আমাদের দেশকে রক্ষা করেছিলাম।”
ক্ষমতায় কে যাবে, তা কেবল জনগণের ইচ্ছায় নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, এই ম্যান্ডেট কেবল জনগণেরই।
রিপোর্টারের নাম 
























