আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক টেলিভিশন ভাষণে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়েই নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন করা হবে। তিনি দেশের প্রতিটি সেক্টর ও পেশার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান তার ভাষণে বিএনপির প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ এর সুবিধার উপর জোর দেন। তিনি জানান, দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও নিম্ন আয়ের পরিবারগুলোকে প্রতি মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এছাড়াও, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য বিশেষ আর্থিক ভাতার ব্যবস্থা করা হবে। এর আওতায় কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত এই ভাতা প্রদান করা হবে। বেকার সমস্যা সমাধানে তিনি বলেন, ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ দেশের অর্থনৈতিক খাতের সংস্কার, অঞ্চলভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে ও বিদেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএনপি।
নাগরিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ ‘হেলথ কেয়ার’ কর্মী নিয়োগের পরিকল্পনাও তিনি ব্যক্ত করেন, যাদের মধ্যে ৮০ শতাংশই হবেন নারী। তারেক রহমানের মতে, বর্তমান “ফ্যাসিবাদী সরকারের” সময়ে বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়। এই পাচার বন্ধ করা গেলে কৃষক কার্ডসহ অন্যান্য উন্নয়নমূলক খাতে অর্থায়ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























