সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটারদের রায় যত জোরালো হবে, এলাকার উন্নয়নের গতিও তত বৃদ্ধি পাবে। তিনি আশ্বস্ত করেন, বিজয়ী হলে প্রতিহিংসার রাজনীতি না করে গণমানুষের কল্যাণে আত্মনিয়োগ করবেন। বিশেষ করে দক্ষিণ ছাতককে একটি স্বতন্ত্র উপজেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
রোববার বিকেলে ছাতক পৌর শহরে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনি গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধানের শীষের সমর্থনে আয়োজিত এই সমাবেশে মিলন বলেন, নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজারের শিক্ষা, যোগাযোগ ও সার্বিক অবকাঠামো ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।
স্থানীয় সমস্যা সমাধানে জোর দিয়ে তিনি বলেন, ছাতক পৌর এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করা হবে। এছাড়া গোবিন্দগঞ্জ বাজারকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ‘মিনি শহর’ হিসেবে গড়ে তোলা এবং ঐতিহ্যবাহী জাউয়া বাজারকে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এই নেতা।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























