বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবেশবান্ধব ও আধুনিক নেতৃত্ব এবং আগামীর টেকসই বাংলাদেশের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে বগুড়ায় এক ব্যতিক্রমী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এই বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা হয়ে সরকারি আজিজুল হক কলেজ এলাকা ঘুরে পুনরায় আলতাফুন্নেছা মাঠে এসে শেষ হয়। বগুড়া-৬ সংসদীয় আসনের এই আয়োজনে শহরের প্রায় ২৫০ জন পরিবেশ সচেতন ও উদ্যমী তরুণ সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুনে পরিবেশ সংরক্ষণ, যানজটমুক্ত শহর এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের নানা ইতিবাচক বার্তা ফুটে ওঠে।
আয়োজক তরুণ নেতারা জানান, ক্রমবর্ধমান পরিবেশ দূষণ ও অসহনীয় যানজট কমাতে সাইকেলের ব্যবহার অত্যন্ত কার্যকর। তরুণ সমাজকে পরিবেশবান্ধব আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই আয়োজন। তারা বলেন, তারেক রহমান একটি আধুনিক, সবুজ ও টেকসই বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির সমন্বয়ে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের জাহিদ হাসান শাকিল দাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিনার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের হাবীব নাফী এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচ এম সাম্বির।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি কেবল রাজনৈতিক বার্তা প্রচারেই সীমাবদ্ধ নয়, বরং এটি জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাইকেল র্যালিটি শহরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করে।
রিপোর্টারের নাম 






















