কুমিল্লার তিতাস উপজেলায় রাজনৈতিক পটপরিবর্তনের মাঝে আলোচিত এক ঘটনায়, সদ্য বিএনপিতে যোগদানকারী যুবলীগ নেতা এসহাক মোল্লা জুয়েলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাতে উপজেলার মানিককান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে জুয়েল মোল্লা এবং তার এক সহযোগীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত এসহাক মোল্লা জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে। তার সহযোগী হান্নান একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল মোল্লা ও তার পরিবার প্রায় ১৭ বছর ধরে মানিককান্দি এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে অন্তত ৩০টি পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে, যার ফলে অনেক পরিবারকে নিঃস্ব হতে হয়েছে এবং প্রায় দুই বছর ধরে তারা নিজ গ্রামে ফিরতে পারেনি।
ভুক্তভোগী পরিবারগুলো গত ৫ আগস্ট গ্রামে ফিরে আসার পর, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুয়েল মোল্লা ও তার বড় ভাই বাদল মোল্লা দলবল নিয়ে বিএনপিতে যোগদান করেন। তাদের বিরুদ্ধে এলাকায় প্রকাশ্যে শোডাউন এবং কেন্দ্র দখলের উদ্দেশ্যে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মানিককান্দি গ্রাম থেকে এসহাক মোল্লা জুয়েল ও তার সহযোগী হান্নানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। জুয়েলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।”
রিপোর্টারের নাম 
























