প্রতিদিনের কর্মব্যস্ততায় একই ধরনের কাজ করতে করতে অনেক সময় জীবনে একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি কেবল কাজের গতিই কমিয়ে দেয় না, বরং সৃজনশীলতা ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘ সময় একই ছকে বাঁধা কাজ করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলা কিংবা অবসাদগ্রস্ত বোধ করা খুবই স্বাভাবিক। তবে নিজের কাজকে যদি আপনি সত্যিই ভালোবাসেন, তবে অন্য কারো ওপর নির্ভর না করে নিজেকে উদ্দীপ্ত করার দায়িত্ব নিতে হবে আপনাকেই।
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন অভ্যাসে ছোট ছোট কিছু পরিবর্তন এবং সুনির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করলে কর্মক্ষেত্রে আবারও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব। অফিসের একঘেয়েমি দূর করার কিছু কার্যকর উপায় নিচে তুলে ধরা হলো:
কর্মপরিবেশে আনুন বৈচিত্র্য
একই ডেস্কে দিনের পর দিন বসে থাকা একঘেয়েমির অন্যতম কারণ হতে পারে। আপনার কাজের টেবিলটিকে নিজের পছন্দমতো সাজিয়ে নিতে পারেন। ডেস্কে ছোট একটি ইনডোর প্ল্যান্ট, প্রিয় কোনো ছবি কিংবা রঙিন কলমদানি রাখা যেতে পারে। চোখের সামনে এমন নান্দনিক পরিবর্তন মনকে সতেজ রাখে এবং কাজে নতুন উদ্দীপনা জোগায়।
সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ
যেকোনো কাজে সফল হতে হলে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। অগোছালো কাজ দ্রুত ক্লান্তি নিয়ে আসে। তাই দিনের শুরুতেই কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন। যখন আপনার সামনে একটি স্পষ্ট রোডম্যাপ থাকবে, তখন কাজগুলো আর পাহাড়সম জটিল মনে হবে না। সঠিক পরিকল্পনার অভাবই মূলত আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং হতাশাকে আমন্ত্রণ জানায়।
কাজের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার
সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। তাই প্রথমেই কাজের তালিকা বিশ্লেষণ করে কোনগুলো আগে করা প্রয়োজন, তা নির্ধারণ করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করতে পারলে মনের ওপর থেকে বড় একটি বোঝা নেমে যায়। এতে পরবর্তী কাজগুলো অনেক বেশি নির্ভার হয়ে এবং নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব হয়।
কাজের মাঝে ছোট ছোট চ্যালেঞ্জ
একঘেয়ে কাজকে আনন্দদায়ক করতে নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিন। ধরুন, কোনো একটি নির্দিষ্ট কাজ আপনি ৩০ মিনিটের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করলেন। সময়ের আগে কাজ শেষ করতে পারলে নিজের মধ্যে একটি ‘জয়ের’ অনুভূতি তৈরি হবে। এই ছোট ছোট প্রাপ্তিগুলো কাজকে খেলাধুলার মতো উপভোগ্য করে তোলে।
পর্যাপ্ত বিরতি গ্রহণ
একটানা কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতি এক বা দেড় ঘণ্টা অন্তর অন্তত ১০ মিনিটের বিরতি নেওয়া জরুরি। এই সময়ে ডেস্ক ছেড়ে একটু হাঁটাহাঁটি করা, হালকা স্ট্রেচিং বা চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া যেতে পারে। এই সামান্য বিরতি আপনার মস্তিষ্ককে পুনরায় রিচার্জ করতে সাহায্য করবে।
নতুন কিছু শেখার মানসিকতা
কাজের ফাঁকে যখনই সময় পাবেন, নতুন কিছু শেখার চেষ্টা করুন। সংশ্লিষ্ট বিষয়ের কোনো আর্টিকেল পড়া, পডকাস্ট শোনা কিংবা নতুন কোনো স্কিল নিয়ে গবেষণা করা আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াবে। নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করার এই প্রক্রিয়া একঘেয়েমি দূর করার পাশাপাশি পেশাগত জীবনে আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
পরিশেষে বলা যায়, অফিসের কাজকে আনন্দময় করে তোলা অনেকটাই নিজের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। ছোটখাটো পরিবর্তন আর ইতিবাচক মানসিকতা বজায় রাখলে যেকোনো কঠিন কাজও সহজ ও উপভোগ্য হয়ে ওঠে।
রিপোর্টারের নাম 























