সারাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি সফলভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট টিকাদান আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে। টিকাদানের ফলে শিশুদের শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হওয়ায় বর্তমানে হাম পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা সচল রাখা এবং দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাজারে ভেজাল ওষুধের সরবরাহ রোধে নিয়মিত অভিযান পরিচালনার কথা উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় জেলা প্রশাসকদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি সারাদেশে অ্যান্টি-ভেনাম এবং জলাতঙ্ক রোগের টিকার পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
রিপোর্টারের নাম 























