আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় শূরা সদস্য মতিয়ার রহমান। তিনি তাঁর বক্তব্যে রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
মতিয়ার রহমান বলেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে দেশে কোনো ধরনের ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা ঘটবে না। তিনি আরও উল্লেখ করেন, দেশের আইন প্রণয়নে কোরআনের নির্দেশনাকে প্রাধান্য দেওয়া হবে এবং কোরআনকে বাদ দিয়ে কোনো আইন তৈরি করা হবে না। জামায়াত ক্ষমতায় এলে নারীদের সম্মান ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম। স্থানীয় জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী এই সমাবেশে অংশ নেন।
রিপোর্টারের নাম 

























