আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুর জেলায় ব্যালট পেপার বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে। এই বিতরণের মাধ্যমে প্রার্থীর নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপারগুলো সংশ্লিষ্ট নির্বাচনী আসনে পৌঁছে দেওয়া হবে।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন শনিবার (৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুষ্ঠু ও নিরাপদভাবে ব্যালট পেপার বিতরণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনী মালামাল গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা নির্দেশ দিয়েছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তারা যেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থাসহ (পুলিশ ফোর্স) সশরীরে অথবা অফিশিয়াল সিলযুক্ত ক্ষমতাপত্রসহ প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থেকে ব্যালট পেপার সংগ্রহ করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা বর্তমানে জোরেশোরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, যা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই ব্যালট বিতরণের মধ্য দিয়ে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হচ্ছে।
রিপোর্টারের নাম 























