কুমিল্লায় দাড়ি ও বোরকা নিয়ে একজন রাজনৈতিক প্রার্থীর বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, এমন মন্তব্য ইসলাম ধর্মের অবমাননার শামিল এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত হানে। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট প্রার্থীকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
লিখিত বক্তব্যে মাওলানা আতিকী জানান, গত শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বিএনপি প্রার্থী জসীম উদ্দীন দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের আটক করার কথা বলে কটূক্তিমূলক মন্তব্য করেন। এই বক্তব্যকে তিনি সরাসরি ধর্ম অবমাননাকর এবং ইসলামের মৌলিক আদর্শের পরিপন্থী বলে আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। ইসলাম রক্ষার স্বার্থে এমন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। মাওলানা আতিকী ভবিষ্যতের জন্য সবাইকে সতর্ক করে বলেন, বাংলাদেশের কোথাও যেন এমন আপত্তিকর মন্তব্য আর না করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এই বিষয়টি জাতীয় ইস্যু হয়ে উঠতে পারে। তাই সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ, এ ধরনের মন্তব্য ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়ায়, যা একটি গণতান্ত্রিক নির্বাচনের সুস্থ পরিবেশের জন্য ক্ষতিকর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি ও সর্বধর্মীয় সম্প্রীতি সভার সহ-সভাপতি প্রফেসর এম হুমায়ুন কবির, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা আব্দুস সালাম আজাদী, মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা।
রিপোর্টারের নাম 

























