কুমিল্লা-৬ (কুমিল্লা মহানগর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ) আসনে আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মাঠে এক অনুষ্ঠানে ১৭ দফা এই ইশতেহার উপস্থাপন করা হয়, যেখানে কুমিল্লাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করাসহ আধুনিক ও জনবান্ধব কুমিল্লা গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এই ইশতেহার উপস্থাপন করেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোছলেহ উদ্দিন। ঘোষিত ইশতেহারের মূল বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। এছাড়া, অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আধুনিক নগরায়ন, কুমিল্লা বিমানবন্দর চালু, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, যানজট নিরসন, ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্বারোপ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব নিরসন, কৃষক ও শ্রমিকের জীবনমান উন্নয়ন, নারী ও শিশুর সুরক্ষা, প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকরণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা।
ইশতেহার ঘোষণার পর প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ উপস্থিত সাধারণ জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি ১৭টি সুনির্দিষ্ট বিষয় চিহ্নিত করে ‘ন্যায় ও ইনসাফের কুমিল্লা’ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর উদ্দীন আহমেদ, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাছান আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান এবং ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























