চাঁদপুর-১ (কচুয়া) আসনের বিএনপি প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট প্রত্যাখ্যান করেছেন। তিনি অপরাধীদের দেশের, পরিবারের ও সমাজের শত্রু আখ্যা দিয়ে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদের ভালো হয়ে অথবা কচুয়া ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার দুপুরে কচুয়ার সাচার বাজার ব্যবসায়ীদের আয়োজনে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মিলন এসব কথা বলেন।
সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাই না। তারা দেশের, পরিবারের ও সমাজের শত্রু।” তিনি দৃঢ়তার সাথে জানান, মহান আল্লাহ সহায় থাকলে লক্ষ জনতার বিপুল ভোটে তিনি নির্বাচিত হবেন এবং দু’চারজন খারাপ লোকের ভোট তার বিজয়কে কলঙ্কিত করতে চান না।
ড. মিলন মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িতদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে, তারা ১২ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটের আগে ভালো হয়ে যান। অন্যথায়, তারা যেন রাতেই কচুয়া ছেড়ে চলে যায়।” তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেখতে চান।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সাচার বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, করমুক্ত বাজার প্রতিষ্ঠা এবং ব্যবসায়ীদের যাবতীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন ড. মিলন। তিনি দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
এহছানুল হক মিলন আরও বলেন, “ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।” তিনি একটি দলের বিরুদ্ধে নকল ব্যালট পেপার ও সিল তৈরি করে ক্ষমতা দখলের অপচেষ্টার অভিযোগ তোলেন। প্রশাসন যদি ওই নকল ব্যালট পেপার ও সিলের মাধ্যমে ভোট গ্রহণ করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাওলা সজিব ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদারের পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মামুনুর রশিদ মোল্লা, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার এবং সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবুজ। এ সময় কচুয়া উপজেলা বিএনপি ও সাচার ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























