বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকা থেকে আট পিস বিদেশি মদ (বিয়ার) সহ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দাম এবং মো. মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত দোলন ও দামের বিরুদ্ধে গত বছর সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান শনিবার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় পূজা উদযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়ি থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং আট পিস বিদেশি মদ (বিয়ার) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা শাহনেওয়াজ দোলন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন দাম (৪৯) এবং মো. মিরাজ (৪২)। তাদের সবার বাড়ি শহরের নাগেরবাজার এলাকায়।
ওসি মাসুম খান আরও জানান, গ্রেপ্তারকৃত মোল্লা শাহনেওয়াজ দোলন এবং মধুসুদন দামের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবারই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 

























