হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে মৌলভীবাজার ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিযোগ তোলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার স্ট্যাটাসে উল্লেখ করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। এই হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি আরও জানান, অত্যন্ত উদ্বেগজনকভাবে পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি মন্তব্য করেন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন এনসিপির এই মুখপাত্র।
রিপোর্টারের নাম 


















