ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদক নির্মূল করতে হলে এটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদকর্মীদের সম্পৃক্ত করে এই অভিযানকে জোরদার করলে মাদক নির্মূল সম্ভব। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এর জন্য যা কিছু প্রয়োজন, তা-ই করতে হবে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ওপর জোর দেন। মাদক ব্যবসা এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে এটি সম্ভব বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী মাদকবিরোধী আন্দোলনে শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক এবং সাধারণ মানুষকে একযোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে তিনি ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে পৌরসভা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 


















