মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দিতে স্বতন্ত্র ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (আজ) দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের (ফুটবল প্রতীক) সমর্থকরা মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষ একে অপরের ওপর ছররা গুলি ও ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ছররা গুলিতে বিদ্ধ হওয়া লিজান সরকার (২০), মনির হোসেন সরকার (৬০) এবং ফাহিম দেওয়ান (২১) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ফয়সাল, নীরব এবং ইকরাম নামে আরও কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। তিনি জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসায় তারা ফের সক্রিয় হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
রিপোর্টারের নাম 

























