ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং জোট মনোনীত প্রার্থীর বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, সরাইল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম এবং শাহজাদাপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শেখ রমজান।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি জোট মনোনীত প্রার্থীর পরিবর্তে একজন বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জনসমক্ষে নির্বাচনী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা রক্ষার্থে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ‘হাঁস’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বহিষ্কৃত ছাত্রদল নেতারা জোটের প্রার্থীর পক্ষে কাজ না করে রুমিন ফারহানার পক্ষে সক্রিয় ছিলেন।
এর আগে একই অভিযোগে সরাইল উপজেলা বিএনপি, যুবদল ও শ্রমিক দলের শীর্ষস্থানীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। এছাড়া শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও স্থগিত করা হয়েছে।
স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। জোট মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে যেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা, সেখানে যারা ব্যক্তিগত স্বার্থে বা আবেগের বশবর্তী হয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংসদ কঠোর অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে এই আসনে জোটের একক প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপোর্টারের নাম 

























