নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দীনেশগুঞ্জ এলাকায় অবস্থিত মাওলানা মো. বোরহান উদ্দিনের নির্বাচনী কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় জামায়াত নেতাদের সূত্রে জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে কার্যালয়ের আসবাবপত্রসহ প্রচারণার কাজে ব্যবহৃত একটি অটোরিকশা পুড়ে গেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের জামায়াত প্রার্থী মাওলানা মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, “গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা এবং ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতেই রাতের আঁধারে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সাথে জড়িত, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























