বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্ব যখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তখন বাংলাদেশ পিছিয়ে পড়ছে। বিশেষ করে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রতি অবহেলা দুঃখজনক। তিনি উল্লেখ করেন, প্রবাসী অধ্যুষিত সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত না হওয়ায় পশ্চিমা দেশগুলোর সাথে যোগাযোগে প্রবাসীদের নানা ভোগান্তির শিকার হতে হয়। তিনি প্রতিশ্রুতি দেন, যদি সুযোগ হয়, তবে তিনি সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেবেন। এছাড়াও, তিনি বলেন যে বিদেশে কর্মরত কোনো বাংলাদেশি নাগরিক মারা গেলে, তাদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফিরিয়ে আনা হবে এবং কোনো মৃতদেহ বেওয়ারিশ হিসেবে পড়ে থাকবে না।
শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল মাঠে ১১ দলের এক ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান উপস্থিত সকলের কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়ে নেন। তিনি জানান, দেশ ও বিদেশ থেকে তাকে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি একসাথে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন প্রকৃত সংসদ সদস্য, আর ডা. শফিকুর রহমান হবেন “ছায়া সংসদ সদস্য”। এর ফলে কুলাউড়ার জনগণ দুজন সংসদ সদস্যের সুবিধা পাবে বলে তিনি জানান।
জেলা জামায়াতের আমির এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী এবং এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন সুন্দর বক্তব্য রাখেন।
বক্তব্য পর্ব শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সাথে পরিচয় করিয়ে দেন।
রিপোর্টারের নাম 

























