আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ সংসদীয় আসনে ১১দলীয় জোট এবং জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে এক বিশাল ‘যুব পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শনিবার সকালে আয়োজিত এই কর্মসূচি এলাকায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সুরিটোলা স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। পদযাত্রায় অংশগ্রহণকারী যুবকরা প্রার্থী ড. আব্দুল মান্নানের পক্ষে স্লোগান দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন।
সুরিটোলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, “যুবসমাজের এই স্বতঃস্ফূর্ত জোয়ার প্রমাণ করে তারা এই আসনে সত্যিকারের পরিবর্তন এবং উন্নয়ন চায়। আমি ঢাকা-৬ আসনের প্রত্যেক মানুষের সেবক হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আজকের এই বিশাল পদযাত্রা আমাদের বিজয়ের পথকে আরও সুগম করল। যুবশক্তির এই জাগরণই আমাদের ভবিষ্যৎ সাফল্যের মূল ভিত্তি।”
এ সময় মহানগরীর অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সর্বস্তরের জনশক্তি এবং স্থানীয় যুবকদের অংশগ্রহণে এই পদযাত্রা কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করে।
রিপোর্টারের নাম 























