ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সংগঠনটির সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হামলাকে চরম মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে ওসমান হাদি হত্যার বিচার এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা উল্লেখ করেন, আন্দোলনরত কর্মীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে তাদের ওপর পুলিশের এই ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শুধু আন্দোলনকারীরাই নন, সংবাদকর্মী এবং সাধারণ পথচারীরাও এই হামলায় রেহাই পাননি। অমানবিক লাঠিচার্জ ও মারধরের ফলে অনেক আন্দোলনকারীর হাত-পা ভেঙে গেছে এবং তারা গুরুতর জখম হয়েছেন।
মহিলা জামায়াতের এই নেত্রী আরও বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে যারা বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে ভূমিকা রেখেছিলেন, আজ তাদের ওপরই এমন হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, ‘জুলাই বিপ্লবী’ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের যৌক্তিক দাবিকে পাশ কাটিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক এবং বিচারহীনতার সংস্কৃতির পরিচায়ক।
নূরুন্নিসা সিদ্দীকা অবিলম্বে ওসমান হাদি হত্যার বিষয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। একইসাথে, আন্দোলনকারীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং হামলায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও জোর দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 























