বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকার ভোটারদের রায় কেনা অসম্ভব এবং এ নির্বাচনেই তা প্রমাণিত হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৭ আসনে দলীয় প্রার্থী হামিদুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুক্তিযোদ্ধা আবদুস সালাম তাঁর বক্তব্যে বলেন, “ঢাকার জনগণ ঐতিহাসিকভাবেই অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এবারও তারা গণতন্ত্র, স্বাধীনতা ও অগ্রগতির পক্ষেই তাদের মূল্যবান রায় প্রদান করবে।”
তিনি আরও দাবি করেন, বিএনপি সবসময় নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। জনাব সালাম অভিযোগ করেন, একটি বিশেষ মহল নির্বাচন প্রক্রিয়াকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু ঢাকার সুশীল ও সচেতন ভোটাররা এই অপকৌশলে পা দেবে না।
ভোটারদের উদ্দেশে এই নেতা বলেন, “১২ ফেব্রুয়ারি কেবল ভোট প্রদান করলেই আপনাদের দায়িত্ব শেষ নয়। ভোটকেন্দ্রগুলোতে সারাদিন সতর্ক পাহারায় থাকতে হবে, যেন কোনো ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ সৃষ্টি না হয়।”
বিএনপির এই প্রবীণ নেতা আরও উল্লেখ করেন, পুরান ঢাকার সন্তান হামিদুর রহমান নির্বাচিত হলে তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন।
রিপোর্টারের নাম 























