বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটের ওপর কেউ যদি হস্তক্ষেপ করতে চায় কিংবা অবৈধভাবে ভোট ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালায়, তবে তা কঠোরভাবে রুখে দিতে হবে। তিনি বিশেষ করে যুবসমাজকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে সজাগ ও পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।
শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে নির্বাচনে ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’—এমন একটি অপসংস্কৃতি চালু ছিল। কিন্তু সেই সময় এখন শেষ হয়ে গেছে। এখন স্লোগান হবে ‘যার ভোট সেই দিবে’। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটের ওপর যদি কেউ ‘কালো চিল’ হয়ে ছোঁ মারতে আসে, তবে তাদের ডানা ভেঙে দিতে হবে। কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি এবার বরদাশত করা হবে না।
নির্বাচনে জয়-পরাজয় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তাদের আমরা অভিনন্দন জানাব। কিন্তু জনমতের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, অতীতে অনেক নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি মনে করে অপচয় করেছেন। আগামীতে এই লুটপাটের সুযোগ আর কাউকে দেওয়া হবে না।
ফরিদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এই এলাকাটি ইসলামের মহান সাধক শেখ ফরিদ (র.)-এর স্মৃতিধন্য। এখানকার মানুষের অনেক সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ, দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা আমানতদারিতার সাথে জনগণের সকল সমস্যার সমাধান করব। তিনি আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমি কেবল জামায়াতে ইসলামীর বিজয় চাই না, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা কোনো দলীয়, পরিবারতান্ত্রিক বা গোষ্ঠীগত সরকার চাই না; আমরা চাই জনগণের প্রকৃত সরকার এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ।”
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করবে। প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবে এবং সেখানে বাধা দেওয়ার দুঃসাহস কেউ দেখাবে না।
জনসভা শেষে তিনি ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্লার হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দেন এবং উপস্থিত নেতা-কর্মীদের বিজয়ের লক্ষ্য নিয়ে মাঠে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
রিপোর্টারের নাম 























