কুষ্টিয়া সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণের ঘটনাকে ‘পরিকল্পিত সাইবার হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া শহরের আমলাপাড়াস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
আমির হামজা দাবি করেন, একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে তার অফিসিয়াল ফেসবুক পেজের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্ট দিয়ে পেজটি বন্ধ করে দিয়েছে। তিনি জানান, প্রায় সাড়ে ৬ লাখ ফলোয়ারসমৃদ্ধ তার ভেরিফায়েড ফেসবুক পেজটি বৃহস্পতিবার দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
সাংবাদিকদের সামনে তিনি বলেন, দীর্ঘকাল ধরে তিনি ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছেন। কিন্তু একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে তার পেজের বিরুদ্ধে ভুয়া স্ট্রাইক ও মিথ্যা অভিযোগ দায়ের করে আসছিল, যার ফলশ্রুতিতে পেজটি নিষ্ক্রিয় হয়ে গেছে।
এ ঘটনাকে আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ দল ও তাদের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত ‘নেক্কারজনক সাইবার সন্ত্রাস’ বলে উল্লেখ করেন আমির হামজা। তিনি অভিযোগ করেন, অফলাইনের পাশাপাশি অনলাইনে তার নির্বাচনী প্রচারে ব্যাপক সাড়া পাওয়ায় প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে এবং সে কারণেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
আমির হামজা আরও জানান, ফেসবুক কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে যথাযথ প্রমাণসহ আপিল করা হয়েছে এবং তার কারিগরি দল পেজটি পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। প্রয়োজনে ডিজিটাল অপরাধে জড়িতদের শনাক্ত করতে দেশের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি তার নামের আগে ‘মুফতি’ শব্দ ব্যবহারের একাডেমিক ব্যাখ্যা দেন এবং নির্বাচনসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল হকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























