আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার মদনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফুজ্জামান বাবরের সমর্থনে নির্বাচনী প্রচারণায় নেমেছে হিজড়া সম্প্রদায়। তাদের এই উদ্যোগ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ‘স্বপ্নের ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের ব্যানারে হিজড়া সম্প্রদায়ের সদস্যরা একটি মিছিল বের করে। সংগঠনটির সভাপতি স্বর্ণা (মেহেদী হাসান) এর নেতৃত্বে মিছিলটি বুড়াপীরের মাজার এলাকা থেকে শুরু হয়ে লুৎফুজ্জামান বাবরের নিজ বাড়িতে গিয়ে শেষ হয়। প্রচারণার অংশ হিসেবে তারা বিভিন্ন স্থানে থেমে থেমে স্থানীয়দের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।
মিছিল শেষে স্বর্ণা বলেন, “আমরা বিবেক বিবেচনা করে দেখেছি, ভাটি বাংলায় লুৎফুজ্জামান বাবরের মতো একজন বীরপুরুষ আমাদের চোখে পড়েনি। তিনি মানুষের অধিকার আদায়ের জন্য ১৭ বছর কারাবরণ করেছেন। আমরা এই এলাকার বাসিন্দা হিসেবে বাবরের পাশে আছি এবং তিন থানার সকল ভোটারকে সাথে নিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবো। আমরা তাকে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই।” হিজড়া সম্প্রদায়ের এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
রিপোর্টারের নাম 






















