ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা করেছেন যে, তরুণ প্রজন্মের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়া হবে। তিনি দৃঢ়ভাবে জানান, দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব বা যেকোনো অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান থাকবে না।
প্রতিমন্ত্রী বলেন, “এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে শূন্য সহনশীলতা নীতিতে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” বুধবার বিকেলে রাজধানীর রূপনগর সরকারি মডেল হাই স্কুলে রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যেতে চান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের একজন হয়ে, আপনাদের প্রতিনিধি হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখ–দুঃখ, ভালো–মন্দ সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবেন।”
তিনি সবাইকে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে রূপনগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























