নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’সহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিকে ‘ভুয়া’ এবং ‘অবাস্তব’ বলে আখ্যায়িত করেছেন। তিনি এসব প্রতিশ্রুতিকে বর্তমান সরকারের ‘১০ টাকা কেজির চাল’ প্রকল্পের সঙ্গে তুলনা করে বলেন, দেশের মানুষ এমন অলীক কল্পনার ওয়াদা পছন্দ করে না।
বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জে আয়োজিত ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, বিএনপি দাবি করে তারা ক্ষমতায় গেলে সব সমস্যার সমাধান করে দেবে এবং ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ করবে। তিনি প্রশ্ন তোলেন, “দেশে ১৮ কোটি মানুষ, তারা ৫০ কোটি কার্ড দেওয়ার কথা বলে! মিথ্যাচারেরও একটা সীমা থাকা উচিত।” জামায়াত মহাসচিব অতীতের উদাহরণ টেনে বলেন, বিএনপি এর আগেও ক্ষমতায় গেলে ‘বেকার ভাতা’ ও ‘কৃষকদের বিনামূল্যে সার’ দেওয়ার মতো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, যা পরে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তার মতে, এসব প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকা কেজির চালের প্রতিশ্রুতির মতোই।
তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও দলীয়করণ জেঁকে বসেছে। ন্যায়বিচারকে উপেক্ষা করে আদালত মানুষকে বঞ্চিত করছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে লুটপাট করা হয়েছে। ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। অধ্যাপক গোলাম পরওয়ার অভিযোগ করেন, খুনি, মাদক ব্যবসায়ী, ধর্ষণকারী, চাঁদাবাজ ও মাস্তানরা প্রকাশ্যে অপরাধ করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে না, বরং বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। অন্যদিকে, নিরপরাধ মানুষকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয় এবং তাদের জামিনও হয় না। অথচ পুলিশ প্রকৃত কোনো অপরাধীকে গ্রেপ্তার করলেও দুই-তিন দিনের মধ্যেই আদালত থেকে তাদের জামিন হয়ে যায়।
নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এখানকার এক প্রভাবশালী ব্যক্তি একসময় নিজেকে নির্ভীক লৌহমানব দাবি করে সাইনবোর্ডে লিখে রেখেছিলেন যে, এখানে জামায়াত নেতাদের প্রবেশ নিষেধ। অথচ আজ এই নারায়ণগঞ্জের মাটিতেই জামায়াতসহ জোটের প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে জনসম্মুখে এসেছেন, যা এক ভিন্ন রাজনৈতিক চিত্র তুলে ধরে।
আলোচনা শেষে প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন। জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, জেলা আমির মমিনুল হক সরকার। এছাড়াও নারায়ণগঞ্জ-১ আসনের জোট প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা), ২ আসনের জোট প্রার্থী ইলিয়াস মোল্লা (দাঁড়িপাল্লা), ৩ আসনের জোট প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া (দাঁড়িপাল্লা), ৪ আসনের জোট প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন (শাপলাকলি) এবং ৫ আসনের জোট প্রার্থী এবিএম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি) সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















