ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই। তিনি অভিযোগ করেন, ছাত্রশিবির জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে নোংরা রাজনীতির সূচনা করেছে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ জামায়াত-শিবিরের রাজনীতিকে গ্রহণ করে না। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে তারা যে অপসংস্কৃতির রাজনীতি শুরু করেছে, তার পরিণাম ভালো হবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, “এই মাটিতে বসে যারা বাংলাদেশপন্থিদের দিকে আঙুল তোলেন, তারা এই রাজনৈতিক ধাক্কা সামলাতে পারবেন তো?”
মুক্তিযুদ্ধে জামায়াত-শিবিরের ভূমিকার তীব্র সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তারা এদেশের মা-বোনদের ওপর নির্যাতন এবং সাধারণ মানুষ হত্যার সপক্ষে কাজ করেছে। এই ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব নয় এবং আন্তর্জাতিকভাবেও তারা রাজাকার হিসেবে স্বীকৃত। তিনি আরও বলেন, “আমরা ধৈর্য ধারণ করেছিলাম এই ভেবে যে, হয়তো তারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরবে। কিন্তু তারা পুনরায় নোংরা রাজনীতি শুরু করেছে, যার শেষ দেখে ছাড়া হবে।”
উক্ত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌসসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভাবনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রিপোর্টারের নাম 

























