ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছয় বিএনপি নেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযোগ উঠেছে, তারা আসন্ন নির্বাচনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে অর্থ বিতরণ করছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ২৫ থেকে ৩০ জনের একটি দল ভোটারদের মাঝে অর্থ বিতরণ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটককৃতদের মধ্যে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান ও আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবালা হোসাইন এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ভান্ডাবো এলাকার মৃত ওয়াহেদ মুন্সীর ছেলে উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ কারি (৭৬), বগাজান এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে শামসুদ্দিন (৭৫), মৃত আক্কাস আলীর ছেলে মো. মেহেদী হাসান (৪০), ইব্রাহিম মাস্টারের ছেলে তানভীর (৪০), আবুল কাশেমের ছেলে গোলাম রাব্বি (৩০) এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার যশরা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. শহিদ (৫৫)।
ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত ছয়জনকে গ্রেপ্তার করে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ফিরোজ হোসেন জানান, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩৩৯৩), নগদ অর্থ এবং একটি হিসাবের খাতা জব্দ করা হয়েছে। ওই খাতায় কোন মহল্লায় কবে কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে—সে সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
রিপোর্টারের নাম 

























